কোটাসংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন। গতকাল বুধবার বিকেল সোয়া দুইটায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির চৌধুরী। সাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করে কোষাধ্যক্ষ বলেন, সাজিদের অবস্থা খুবই খারাপ ছিল। ছেলেটা আর আমাদের মাঝে নেই। ওর বাবা-মা এ শোক কীভাবে সামলাবে! তার আত্মার শান্তি কামনা করছি।
এ দিকে সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরপরই দায়ী সকলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম সান বলেন, আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দিতে পারি না। সাজিদের মৃত্যুতে জড়িত সকলের বিচার চাই আমরা। সাজিদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা জবিয়ানরা আন্দোলন চালিয়ে যাবো।
এর আগে গত ৪ আগস্ট ইকরামুল রাজধানীর মিরপুরে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।





