পিরোজপুরের ইন্দুরকানীতে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইন ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন এবং তার শাস্তি দাবি করেছেন ওই ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য।
ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওনের বিরুদ্ধে ২৬টি লিখিত অভিযোগ এনেছেন তারা। পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা এ অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে কামরুজ্জামান তালুকদার শাওনের মোবাইল ফোন ও হোয়াটসআ্যপে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দীকী বলেন, এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। এর সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক এবং সমাজসেবা ও জনস্বাস্থ্য কর্মকর্তাদেরকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির তদন্ত রিপোর্ট পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট পাঠানো হবে।