গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর রাতে কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর সুধিনচালা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত বাবুল হোসেন (৪৫) গোবিন্দপুর সুধিনচালা এলাকার মোগর আলীর ছেলে এবং নিহত আখী আক্তার (৩৬) একই গ্রামের মো: আফাজ উদ্দিনের মেয়ে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, বাবুল-আখী দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত রাতে পারিবারিক বিষয়াদি নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হলে ঘরে দরজা আটকিয়ে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাবুল হোসেনকে আটক করে।
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য উদঘাটন করা হবে।
আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





