কক্সবাজারের ঈদগাঁওতে ১৩ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বক্তব্যে তিনি বলেন, এদেশের তারুণ্যনির্ভর ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। তাই ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্বৈরাচার শেখ হাসিনার আসল বাড়ি ভারতে, তাই তিনি সেখানে পালিয়ে গেছেন। এ দেশে তার জানাজা হওয়ারো আর সুযোগ নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখা আয়োজিত জনাকীর্ণ এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা হাবিবুল্লাহ, কক্সবাজার জেলা বারের সদস্য অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, সেনাপ্রধান ঝুঁকি নিয়ে দেশের হাল ধরেছিলেন বলে বাংলাদেশ দীর্ঘদিনের স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। দেশের মানুষের পক্ষে সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দেশের ক্রান্তিকালে তিনি সেনাবাহিনীর এ বলিষ্ঠ ভূমিকার জন্য সাধুবাদ জানান।
তিনি দেশকে দ্বিতীয়বার স্বাধীন করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে তার জন্য তাদের বিরোচিত সংবর্ধনা দেয়া উচিত বলে মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, দেশের সকল বিরোধী মতের মানুষ দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। তরুণ ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ বিজয়ের যে ঐতিহাসিক সূচনা করেছেন তাকে অবশ্যই সদ্ব্যবহার করতে হবে।
তিনি সংখ্যালঘু ইস্যুতে বলেন, একটি মহল সাম্প্রদায়িকতার ধুঁয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কিন্তু তাতে তারা সফল হতে পারেনি। আওয়ামী লীগের পাতি নেতারাই এসব মন্দিরে হামলা চালিয়েছে।
শাহজাহান বলেন, আবহমান কাল থেকে এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম প্রিয় জনতা অন্য ধর্মাবলম্বীদের মঠ-মন্দিরে দিনরাত পাহারা দিচ্ছেন। তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, শেখ হাসিনার পতন কোন দলের একার বিজয় নয়। এটা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। শেখ হাসিনার পালানোর খবরে সর্বস্তরের গণমানুষ রাস্তায় নেমে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। শেখ হাসিনা ভারতে পালিয়েছে, তার জানাজাও ভারতে হবে।
প্রধান অতিথি কোটাবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।





