ঢাকা মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ নোয়াখালীর সেনবাগ থেকে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতে সোপর্দ করা হয়।
এর আগে শুক্রবার রাতে উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মতি মিয়ার হাটের পূর্ব পাশে হানিফ বাবুর্চির বাড়ি থেকে হানিফ মিয়ার ছেলে মনির আহাম্মদ (২১) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্র-গুলি লুটপাট করে। এই লুট হওয়া অস্ত্র-গুলি যাতে সন্ত্রাসী কাজে ব্যাবহৃত হতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধারাবাহিকতায় শুক্রবার সেনবাগ থানা পুলিশ বিশ্বস্ত মাধ্যমে সংবাদ পায় উপলোর কাদরা ইউনিয়নের মতি মিয়ার হাট এলাকার হানিফ মিয়ার ছেলে মনির আহাম্মদের কাছে একটি অত্যাধুনিক পিস্তল রয়েছে। সে অস্ত্রটি সন্ত্রাসীদের কাছে বিক্রির চেষ্টা করছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায় তার প্রতিবেশী ও আত্মীয় মো: কাইয়ুম অস্ত্রটি বিক্রি করার জন্য তার কাছে রাখে।





