নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়ক থেকে জয়ন্তীপুর-আব্দুলপুর রেলস্টেশন সড়কের সংযোগ স্থলের ৬০ ফুট এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। এই বর্ষা মৌসুমে দিনের পর দিন এভাবে পানি জমে থাকায় ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। দ্রুত সড়কের ওই স্থানটি সংস্কার করে অথবা সড়কটিকে সামান্য উঁচু করে এই দুর্ভোগ থেকে পরিত্রাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তারা জানান, আব্দুলপুর রেল জংশন স্টেশনে যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে ওই সড়ক দিয়ে। কিন্তু দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর বাজারের পূর্ব পাশে দুই সড়কের সংযোগস্থলের দুই ধার অতি নিচু হওয়ায় সারাক্ষণই বৃষ্টির পানি জমে থাকে। স্থানটি এখন খানাখন্দ ও কাদা-পানিতে একাকার হয়ে থাকে। ফলে সড়কটির ওই স্থানে মালবোঝাই ভ্যান উল্টে যাওয়া ও চাকা দুমড়ে-মুচড়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এমনকি পানি জমে থাকায় মানুষ হেঁটে যাওয়ার মতো পরিবেশ নেই ওই স্থানটিতে। প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারীরা।
জয়ন্তীপুর এলাকার ভ্যানচালক লুৎফর রহমান বলেন, বর্ষা মৌসুমে স্থানটিতে দীর্ঘ সময় পানি জমে থাকায় খানাখন্দের সৃষ্টি হয়। গর্তগুলো দেখা না যাওয়ায় মালবোঝাই গাড়ি অনেক সময় উল্টে যায়। চাকা দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানে থাকা যাত্রীদের অনেকেই উল্টে পড়ে যায় ভ্যান থেকে।
আব্দুলপুুর এলাকার অটোচালক সানোয়ার হোসেন বলেন, তিনি ওই সড়ক দিয়ে প্রতিদিনই যাত্রী নিয়ে যাতায়াত করেন। সম্প্রতি এক ভ্যানকে সাইড দিতে গিয়ে তার অটোটি উল্টে যায়। মেরামত করতে অনেকগুলো টাকা গচ্চা গেছে। উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, সরেজমিনে দেখে জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।