টাঙ্গাইলের ঘাটাইলে আখ ক্ষেতে চুরিরোধ ও শিয়ালের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া (আমতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া (আমতলা) গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো: আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।
এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশেই আখ চাষ করেন। ক্ষেত থেকে আখ চুরি রোধ ও শিয়াল থেকে বাঁচতে তিনি ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্বামী তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ দু’টি উদ্ধার করে।