কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ বন্যার পানির তোড়ে নৌকা ডুবে সিরাজুল ইসলাম (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের মোহেশ্বর জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে রোববার বিকেলে নিখোঁজ হন সিরাজুল ইসলাম। তিনি উপজেলার মৌকরা ইউনিয়নের গোরকমুড়া গ্রামের মৃত-সুলতান আহম্মদের ছেলে। তার চার ছেলে ও তিন মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মৌকরা ইউনিয়নের গোরকমুড়া গ্রামের বৃদ্ধ ছেরাজুল ইসলাম রোববার বিকেলে গোরকমুড়া গ্রাম থেকে নিজে নৌকা চালিয়ে তার মেয়ের জামাই ও নাতিকে মোহেশ্বর গ্রামে নামিয়ে দেন। তিনি তাদেরকে নৌকা থেকে নামিয়ে দিয়ে মোহেশ্বর থেকে নিজে নৌকা চালিয়ে গোরকমুড়া যাওয়ার পথে মোহেশ্বর পূর্বপাড়ায় বন্যার পানির তোড়ে তার নৌকাটি উল্টে গিয়ে তিনি নিখোঁজ হন। রোববার রাতে ছেরাজুল ইসলাম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে পরিবারের লোকজন মোহেশ্বর জলাশয়ে তার ব্যবহৃত নৌকা ও নৌকার বৈঠা দেখতে পান। পরে পরিবারের লোকজন চাঁদপুর থেকে ডুবুরি দল এনে সোমবার দুপুর ১২টার দিকে মোহেশ্বর জলাশয় থেকে তার লাশ উদ্ধার করেন।

উল্লেখ্য, এর আগে এদিকে শুক্রবার রাতে (২৩ আগষ্ট) নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর গ্রামের কেরামত মিয়া মজুমদার (৫৫) নামক এক ব্যক্তি বন্যার পানিতে ডুবে গিয়ে মারা গেছে।