গাজীপুরের শ্রীপুরে পিকঅফ গার্মেন্ট অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরবর্তী সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে যায়।
সোমবার সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের পিক-অফ গার্মেন্ট অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার ভেতরে শ্রমিকদের বিক্ষোভ চলছে।
কারখানার শ্রমিক রুবেল হোসেন বলেন, গত জুলাই মাসের বকেয়া বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বেতন পরিশোধের জন্য তারা কয়েকটি তারিখ দিয়েছে। কিন্তু আমাদের বকেয়া বেতন পরিশোধ করেনি।
কারখানার শ্রমিক রুবি আক্তার বলেন, এক মাসের বেতন বকেয়া রয়েছে। আরেক মাসের বেতনের সময় হয়ে গেছে তবুও আমরা বকেয়া বেতন পাচ্ছি না। একমাস বেতন না পেলে আমরা কিভাবে চলি। খেয়ে না খেয়ে চলছে আমাদের সংসার। বেতন পেলে দোকান বাকি আর বাসাভাড়া দিতে হয়। এগুলোর জন্য আমাদের চাপ সইতে হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তায় চলে এসেছি।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, শ্রমিকদের সাথে বকেয়া বেতনের বিষয়ে আলোচনা হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা হচ্ছে।