গাজীপুরের কাশিমপুর কারাগারের মানসিক ওয়ার্ডে দুই কয়েদির মধ্যে ঝগড়া থেকে মারধরে মো: হান্নান মিয়া (৪১) নামে এক কয়েদি নিহত হয়েছেন। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত মো: হান্নান মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কান্দাপাড়া গ্রামে আবুল কাশেমের ছেলে।
কারারক্ষী আব্দুর রহিম জানান, সকালে মানসিক ওয়ার্ডে দুই কয়েদির মধ্যে মারামারি শুরু হয়। এতে মো: হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া নয়া দিগন্তকে জানান, কাশিমপুর কারাগার থেকে আহত অবস্থায় ঢামেকে একজনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।





