ময়মনসিংহের ভালুকায় নাফকো ফার্মা লিমিটেড নামে একটি ওষুধ কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার উপজেলার বান্দিয়া গ্রামে অবস্থিত ওই ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানা গেটের সামনে ও ভেতরে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, নাফকো ফার্মা কারখানায় তারা প্রায় ৭০০ শ্রমিক কর্মরত আছেন। তারা দীর্ঘদিন ধরে ১২টি দাবি করে আসছিলেন।
শ্রমিকরা আরো জানান, এই কারখানায় চাকরিতে যোগদান করার সময় প্রথম ছয় হাজার টাকা ধরা হয় এবং তা প্রতি বছর কিছু বৃদ্ধি করা হয়। তা ছাড়া ঈদবোনাস ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা দেয়া হয়। শ্রমিকদের কাজের সময় সকাল ৮টা থেকে বাধ্যতামূলক রাত ১০টা পর্যন্ত করতে হয়। নাইট ডিউটি রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত করতে হয়।