নাঙ্গলকোটে ভয়াবহ বন্যায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যাদুর্গতের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রবাসী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ এলাকার বিত্তবানরা যেভাবে হাতে-হাত মিলিয়ে তাদের তিনবেলা খাওয়ার দায়িত্ব নিচ্ছেন, তেমনি হিন্দু ধর্মাবলম্বীরাও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা বন্যদুর্গতদের মাঝে খাবার বিতরণে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাঙ্গড্ডা ইউনিয়নের ১৩টি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন বাসাবাড়ির বারান্দা ও ছাদে মুসলমান পরিবারের পাশাপাশি অনেক হিন্দু পরিবারও আশ্রয় নেয়। গত ২২ আগস্ট থেকে তিনবেলা নিয়মিত খাবার পরিবেশন করা হচ্ছে তাদের।
গত মঙ্গলবার বাঙ্গড্ডা ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীরাও বাঙ্গড্ডা ইউনিয়নের বন্যাকবলিত পরিকোট নূরানী মাদরাসা, বাঙ্গড্ডা বালিকা দাখিল মাদরাসা, গান্দাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গান্দাছি মাদরাসা, বিভিন্ন বাসাবাড়ি, ভবনের ছাদে আশ্রয় নেয়া এবং শ্যামপুরে পানিবন্দী আবস্থায় থাকা দুই হাজার বন্যাদুর্গতের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি ডা: দীপক মজুমদার বলেন, নাঙ্গলকোটের দেশের এই ক্রান্তিকালে মানবিক কাজের অংশ হিসেবে অন্যদের পাশাপাশি বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমরা খাবার বিতরণে অংশ নিই।