সিলেটের ওসমানীনগরে কিশোরদের মিনিবার ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষে ৪৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে একটি দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের খবর পেয়ে ওসমানীনগরে দারিত্বরত সেনাবাহিনীর একটি দল, ওসমানীনগর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচণ্ডী বাজারে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোনারপাড়া ও মোকামপাড়া গ্রামের কিশোররা একটি মিনিবার ফুটবল খেলার আয়োজন করে। খেলায় সোনারপাড়া গ্রামের সুলেমান (১৭), নিজাম (১৬), সাইফুল (১৬) ও মোকামপাড়া গ্রামের সুমন (১৫), ফারহান (১৬), পলাশ (১৬) অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাঠের বাইরে থেকে সোনারপাড়া গ্রামের খালেদ (৩০) নামের এক যুবক মাঠে এসে সুমনকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে সুমনের বাবা ছুরুক মিয়া সোনারপাড়া গ্রামের মুরুব্বিদের কাছে বিচারপ্রার্থী হন। এখানে কোন প্রতিকার না পেয়ে তিনি ওসমানীনগর থানার দ্বারস্থ হলে থানা পুলিশ লিখিত অভিযোগ দিতে বলেন। এরপর তিনি বাড়িতে আসার পর ২টার দিকে উভয় পক্ষ একে অপরকে ডাকাডাকি করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে একে অপরের দিকে প্রায় দেড় ঘণ্টা ইট ঢিল পাটকেল ছোড়েন।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ রাশেদুল হক বলেন, আমাদের অফিসার সেখানে গেছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।