গাজীপুরে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরো চার থেকে পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগরীর সদর থানার ২৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকার সৌরভ গ্রুপের সাথে একই ওয়ার্ডের বরুদা এলাকার হিমেল-সাগর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা আরো জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জিএমপি’র সদর থানার ওসি জানান, শুক্রবার রাতে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।





