ক্যাবল টিভির (ডিস) মালিকানা লিখে না দেয়ায় বরিশালের গৌরনদীতে ইব্রাহীম হাওলাদার (৩৩) নামে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইব্রাহীম উপজেলার ধানডোবা গ্রামের আমির আলী হাওলাদারের ছেলে।

আহত ইব্রাহীম অভিযোগ করেন, ১৮ বছর ধরে এলাকায় ডিস ব্যবসা করছেন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের পর ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ার পাঁয়তারা চালিয়ে আসছেন শাহজাহান ফকির। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার শাহজাহান ও তার সহযোগীরা ইব্রাহীমকে স্থানীয় বিএনপির কার্যালয়ে ডেকে নিয়ে ডিস ব্যবসা লিখে নিতে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার জন্য চাপ প্রয়োগ করে। স্ট্যাম্পে স্বাক্ষর না করায় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় ইব্রাহীমের বন্ধু সুজন কাজী, মামুন হাওলাদার, হান্নান ফকিরকে পিটিয়ে আহত করা হয়।

অভিযোগের বিষয়ে শাহজাহান ফকির জানান, হামলার বিষয়ে আমার জানা নেই তবে শুনেছি কে বা কারা এলাকায় মারামরি করেছে। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।