সাতক্ষীরার কালিগঞ্জে আখ ক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আব্দুর রহমান (৪২) নামে এক ব্যক্তি। গত শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে বাসিন্দা আব্দুর রহিমের ছেলে নিহত আব্দুর রহমান।
পরিবারের সদস্যরা জানান, শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে আখ ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন আব্দুর রহমান। গত শনিবার সন্ধ্যায় ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আখ ক্ষেতে যেয়ে তার লাশ পাওয়া যায়।
কালিগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।