স্থানীয় একটি মাছঘাটের দখল, চাঁদাবাজি ও আধিপত্য প্রতিষ্ঠার অভিযোগে যুবদলের সদস্য হেলাল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে জেলা যুবদলের সদস্য (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত হেলাল কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হেলালকে দলের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।

এদিকে বহিষ্কৃত যুবদল নেতা হেলাল উদ্দিন বলেন, ‘কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই। জেলা নেতারা কোথায় আমার বিরুদ্ধে ত্রুটি পেয়েছেন, তাও কিছু জানি না।’

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলালকে বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির অপরাধের দায়ভার দল নেবে না। একইসাথে বহিষ্কৃতদের সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।