সাভারের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনকে ডিএমপি এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) তাকে অস্ত্র আইনের মামলায় দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নয়া দিগন্তকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া মোমিনুল ইসলাম মোমিন সাভারের কাউন্দিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ারার ইলিয়াস হোসেনের ছেলে।
জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানা এলাকায় মোমিনুল ইসলাম তার এক বন্ধুর প্রাইভেটকারে থাকাবস্থায় সন্দেহ হলে চার্জ করেন যৌথবাহিনী। পরে মোমিনুলের তত্ত্বাবধানে থাকা ২০ রাউন্ড গুলি, দু’টি চাপাতি ও একটি ছাইনিজ কুড়াল জব্দ করা হয়। যৌথবাহিনী রাতেই তাকে আদাবর থানায় হস্তান্তর করেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, মোমিনুল ইসলাম মোমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে আদাবর থানায় একটি মামলা হয়েছে। তার কাছ থেকে ২০ রাউন্ড গুলি, দু’টি চাপাতি ও একটি ছাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।









