ঢাকার আশুলিয়ায় সেপটিক ট্যাংকির ভেতর থেকে বায়েজিদ ইসলাম (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) রাতে আশুলিয়ার কোনাপাড়া পুকুরপাড় এলাকার নাসরিন খানমের নির্মাণাধীন সেফটি ট্যাংকির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল বায়েজিদ। সে আশুলিয়ার শিমুলিয়া কোনাপাড়া পুকুরপাড় এলাকার রোজেল মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে আশুলিয়ার জিরানীর কোনাপাড়া পুকুরপাড় এলাকার নিজ বাসা থেকে বায়জিদ নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরপাড় এলাকার বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকির ভিতরে তার লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
বায়েজিদের বাবা রোজেল মিয়া অভিযোগ করে বলেন, তাকে হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকের ভিতরে ফেলে দেয় দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার এসআই আকরাম বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মৃত্যুর রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।’









