বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ নিরাপদে থাকবে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার মজলিসে শূরা সদস্য ও সাভার পৌরসভার আমির মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি আব্দুস সালাম।

মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষ একটি সুখী সমৃদ্ধশালী সমাজ পাবে। আর সে কারণেই এই মুহূর্তে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা বেশি।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জেলার রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, ‘আমরা আশা করি, বর্তমান সরকার সংস্কার কাজ শেষ করেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবেন। আর যদি ব্যতিক্রম কিছু হয় প্রয়োজনে সাত দফা দাবি আদায়ে জামায়াত যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘২৪-এর জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। স্বাধীনতার আগে ২৪ বছর এবং স্বাধীনতার পর ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। ফলে মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। জনগণের কল্যাণে আসবে এমন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে জামায়াত। বাংলাদেশকে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে দশটি সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছে।’

এছাড়া সম্মেলনে আরো বক্তব্য দেন ঢাকা জেলার শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মো: লুৎফর রহমান প্রমুখ।

সম্মেলনে সাভার পৌর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মনসুর আলী, অর্থসম্পাদক আবুল বাশারসহ পুরুষ রুকন ও বিশেষ ব্যবস্থায় নারী রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।