গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও তাদের স্বজনরা একত্রিত হন।

মঙ্গলবার (৫ আগস্ট) জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা- ২৫’ এর অংশ হিসেবে আয়োজিত সম্মেলনের সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্লাহ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগ না ভুলে যাওয়ার আহ্বান করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয় এবং তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।