চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় আনুমানিক ১২ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে এখনো পর্যন্ত ওই কিশোরের পরিচয় মেলেনি।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী ডাউন রেললাইনের ওপর ট্রেনের ধাক্কায় এক কিশোর মারা যায়। তার পরনে অ্যাশ রঙের ফুল প্যান্ট, গোলাপি রঙের স্যান্ডো গেঞ্জি এবং নেভি ব্লু রঙের হাফ হাতা গেঞ্জি পরা ছিল। তার গায়ের রঙ শ্যামলা, উচ্চতা অনুমান চার ফুট চার ইঞ্চি।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাশেদ রানা বলেন, ‘শুক্রবার স্থানীয়দের মাধ্যমে খবর পাই এক অজ্ঞাত পরিচয় কিশোর ট্রেনের ধাক্কায় মারা গেছে। খবর পেয়ে তাৎক্ষনাৎ আমাদের টিম সেখানে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। ওই কিশোরের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।’