চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে তিন কোটি টাকার মাদকসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক মাদককারবারি নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শুক্রবার (১৮ জুলাই) উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার স্বামী ও ছেলে পলাতক রয়েছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, পতেঙ্গা ক্যাম্পের একটি দল আনোয়ারার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদককারবারি মো: আনোয়ার মাঝির বসতঘরের বারান্দার খাটের নিচে লুকানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।
অভিযানের সময় তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় মনোয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই বাড়ির গৃহবধূ এবং পলাতক আসামি আনোয়ার মাঝির স্ত্রী। অন্য দু’জন হলেন মো: আনোয়ার মাঝি (৫০) ও তাদের ছেলে ইফতেখার উদ্দিন সোহেল (২০)।
র্যাব জানায়, আটক হওয়া মনোয়ারা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি স্বামী ও ছেলের সহায়তায় মায়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদককারবারিদের কাছে সরবরাহ করতেন। উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, ‘আটক মনোয়ারা বেগমকে আইনিপ্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’









