সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমানকে ঘিরে ছড়িয়ে পড়া একটি দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, আকন কুদ্দুস নিজেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক জিএস (জেনারেল সেক্রেটারি)’ হিসেবে দাবি করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়ার প্রেক্ষাপটে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন আকন কুদ্দুসুর রহমান।
এসব প্রচারকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে শনিবার রাতে এক বিবৃতিতে আকন কুদ্দুস বলেন, ‘আমি কখনোই দাবি করিনি যে আমি ঢাবিতে জিএস ছিলাম। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’ একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।‘
আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘আমি যে সময় ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলাম তখন দলীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। তবে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস পদে ছিলাম না। এমনকি আমার পক্ষ থেকে কখনোই এ ধরনের কোনো দাবি করা হয়নি।’ তিনি আরো বলেন, ‘রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে তবে তা যেন সত্যের সীমা অতিক্রম না করে।’
একজন ব্যক্তিকে নিয়ে মন্তব্য করার আগে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘হয়ত কেউ ভুল তথ্যের ভিত্তিতে মন্তব্য করেছেন কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিভ্রান্তিকর বক্তব্য বা ভিত্তিহীন অভিযোগ শুধু রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে না বরং জনমানসে ভুল বার্তা পৌঁছে দেয়।’
সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা হোক জনসেবা ও আদর্শিক অবস্থানের ভিত্তিতে। তবে সেটা যেন ব্যক্তিগত আক্রমণ বা মনগড়া অভিযোগ দিয়ে না হয়।’









