চুয়াডাঙ্গা প্রতিনিধি
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে প্রিন্স প্লাজা, বড় বাজার ও নিউমার্কেট হয়ে আবার শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়।
এর আগে জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের রায় দিয়েছিল। জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি সেদিন দুটি শপথ নিলেও বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে। পরে বিরোধীদলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও, সরকার তা উপেক্ষা করে ১৫ মার্চ ২০২৬ সংসদে লোক দেখানো সংবিধান সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়।
তিনি আরো বলেন, সংবিধানের কাঠামোগত আমূল সংস্কার ছাড়া সংবিধান নিছক সংশোধনীতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। তাই সরকারের এই গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে ওইদিন বিরোধীদল সংসদ থেকে ওয়াক আউট করে এবং সংসদ ও রাজপথে জনরায় বাস্তবায়নের আপসহীন লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর নায়েবে আমির আনোয়ার হোসেন, পৌর প্রচার সম্পাদক হুমায়ুন কবীর ও পৌর অর্থ সম্পাদক ইমরান আলী, পৌর শিক্ষা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মাস্টার, অফিস সম্পাদক যায়েদ আল আনসারীসহ সকল ওয়ার্ড সভাপতিরা।









