ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শিশুর প্রতিকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোছলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহমদ মোল্লা, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক।

ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে কুমিল্লা ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।