বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা

বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া সেনানিবাসের সেনাস্বরণী স্টেশন বোট ক্লাব লেকে তিন দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সৌমিক নিখোঁজ হন। পরে এ নিয়ে তার বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহত হাসিন রায়হান সৌমিক (৩০) বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার তৌফিকুর রহমানের ছেলে বলে জানা গেছে। তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন।

জানা যায়, সকালে তার লাশ ভাসতে দেখে স্থানীয় পথচারীরা সেনানিবাসের এমপি চেকপোস্টে বিষয়টি জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের শরীরে থাকা প্যান্টের পকেট থেকে পলিথিন দিয়ে মোড়ানো মানিব্যাগ পায় পুলিশ।

নিহতের বাবা তৌফিকুর রহমান বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একই ভবনের এক বাসিন্দার সাথে সম্প্রতি আমার ছেলের বিবাদ হয়েছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হতে পারে।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।’