কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় সাখাওয়াত হোসেন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রীও আহত হন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ধনেশ্বর এলাকার বাসিন্দা।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন দাস জানান, সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কের ডুবাইরচর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাখাওয়াতের। এছাড়া তার স্ত্রী আহত হন। পরে স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টান মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। এছাড়া মোটরসাইকেল চাপা দেয়া ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।