বরগুনা জেলায় ভয়ঙ্কর রুপ নিয়েছে ডেঙ্গু। এর ছোবলে ১১ বছর বয়সী এক শিশুসহ ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিনিয়ত বাড়ছে এর রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৭ জনে।
শনিবার (৫ জুলাই) দুপুরে ডেঙ্গুর লক্ষণ নিয়ে রাইছা নামে এক শিশুর মৃত্যু হয়।
নিহত রাইছা বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান মল্লিকের মেয়ে বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জন বরগুনা জেনারেল হাসপাতালে এবং বাকি সবাই বরিশালসহ অন্য হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কিংবা হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এদিকে রাইছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতাকর্মী।
বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুজ্জামান বলেন, ‘রাইছাকে কয়েক দিন আগে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা: এনামুল হক তুহিনের কাছে নেয়া হয়। তিনি এনএসওয়ান ও সিবিসি পরীক্ষা করান। সেখানে ডেঙ্গু নেগেটিভ এলেও প্লাটিলেট কম ছিল। তবে শিশুটির মৃত্যু ডেঙ্গুর লক্ষণ নিয়েই হয়েছে।’
এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো এবং চিকিৎসাসেবায় প্রস্তুতি জোরদার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।’









