বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা।

বুধবার (২ জুলাই) কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বগুড়া জেলা ছাত্রদল ঘোষিত কলেজের নতুন আহ্বায়ক কমিটি।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, কলেজ কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল-আমিন।

বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বিগত সময়গুলোতে এখানে আধিপত্য বিস্তার, হল দখল, ইভটিজিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

তারা আরো বলেন, ‘ছাত্রদল সুস্থ ধারার, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতির পথেই এগিয়ে যাচ্ছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশে ইতিবাচক ছাত্ররাজনীতির সুবাতাস বইছে।’