সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (৯ মে) সকালে বাসের নিচে চাপা পড়ে এক মাছ ব্যবসায়ী ও এক প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয়েছেন।
নিহত মাছ ব্যবসায়ী মোহাম্মদ হোসেন (৫৫) ভোলার চরফ্যাশনের মরহুম ফজলুল হকের ছেলে। অপরজন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তার ব্যক্তিগত প্রাইভেটকারের ড্রাইভার মো: সাখাওয়াত হোসেন শেখ (৪০)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার ধলু শেখের ছেলে।
হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের আইল্যান্ড টপকিয়ে সকালে ওই দুই ব্যক্তি বাসে উঠার জন্য গেলে সাভার বাসস্ট্যান্ডের বাজার রোডে ঢোকার মুখে আরিচাগামী একটি ঠিকানা পরিবহনের বাস দ্রুত গতিতে গিয়ে হঠাৎ ব্রেক করে। এ সময় পেছন থেকে একটি রডবোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ওই দুই ব্যক্তি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পাশেই থাকা বাসস্ট্যান্ডের সুপার মেডিক্যালে নিয়ে গিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানা পুলিশ ঠিকানা পরিবহনের বাস ও ট্রাক দুটিকে জব্দ করেছে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন।
সাভার হাইওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মো: আনজিল হোসেন জানান, লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









