দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি প্রধান সড়ক ট্রাংক রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাতের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মামুন, আমজাদ হোসেন সুমন, সদর উপজেলা আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম-আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, পৌর আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম-আহ্বায়ক হায়দার আলী রাসেল পাটোয়ারী।
নাসির উদ্দিন খন্দকার বলেন, ‘একাত্তরের চেতনাকে বিক্রি করার পরিণতি ইন্ডিয়া পালিয়ে গেছে। আরেকটি রাজনৈতিক দল চব্বিশের চেতনাকে বিক্রির চেষ্টা করলে তাদের পরিণতিও একইরকম হবে। আমরা ৫ আগস্টের আগের সকল হত্যার বিচার দাবি করছি। ৫ আগস্ট পরবর্তী মবের নামে একটি বিশেষ রাজনৈতিক দল ছাত্রদল-যুবদলের নেতাদের হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ঝিনাইদহ, কক্সবাজার, খুলনায় ধর্ম ব্যবসায়ীরা মানুষ হত্যার অপচেষ্টা শুরু করেছে। হত্যাকারীদের থেকে সতর্ক থাকতে হবে।’
এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভীর ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করে তিনি বলেন, ‘ফেনীর মাটিতে দাঁড়িয়ে কে আপনাদের সাহস দেয় ‘বিএনপি মুক্ত বাংলাদেশ চাই’ বলতে। এ ছেলের বয়স কত বছর হয়েছে। ফেনীবাসীর কাছে বিচার দিলাম। পরবর্তী পরিস্থিতির জন্য আপনারা দায়ি থাকবেন। সকল সন্ত্রাস, মব, নৈরাজ্য, মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’









