অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। যেখানেই অপরাধ হচ্ছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এ সব কথা বলেন।

এ সময় পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ প্রকৃতিকে গুরত্বপূর্ণ স্থানে না রাখবো ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’

বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে জানান, ‘আমরা কাজ শুরু করছি। আশা করি, দ্রুততম সময়ে সকলের সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।

উপদেষ্টা আরো বলেন, ‘সাভারের কর্ণপাড়া খাল ও তুরাগ নদী দখল ও দূষণ রোধে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর নিচে সাত স্তরে পলিথিন আছে। পলিথিনগুলো তুলব কীভাবে, রাখব কোথায়, এগুলো নাভেবে বুড়িগঙ্গায় হাত দেয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমি অনেকের কাছে গিয়েছি। কেউ রাজী হচ্ছে না। এটা এতদিন শুরু করা যায়নি কারণ পরিবেশ অধিদপ্তরে ম্যাজিস্ট্রেট মাত্র চারজন। তিনি প্রশ্ন রেখে বলেন, নদী দূষণ রোধ করবো? নাকি শিল্প দূষণ করব? নাকি ইটভাটা দূষণ রোধ করবো? তবে আমাদের আন্তরিক চেষ্টা চলছে। আমিনবাজারের বর্জ্য কীভাবে সরিয়ে কী পদ্ধতিতে শেষ করা হয় সেটা চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে কথা বলা হচ্ছে। তবে আমিনবাজার ও ট্যানারি শিল্প নগরীর অনিয়মগুলো সরকারের কর্মপরিকল্পনার মধ্যে আছে।’

উপদেষ্টা বলেন, ‘নদী দখল হচ্ছে এবং শিল্প কারখানার বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। নদী দূর্ষণ করে অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের চাকরি দিচ্ছে। কিন্তু নদী তো কোটি মানুষকে বাঁচিয়ে রাখে। ঢাকার নদীগুলো থেকে মানুষ মাছ পায়। সেই মাছ এখন নেই। বরং দূষিত পানি মানুষকে ক্ষতি করছে। দূষণ রোধে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার। অনুষ্ঠানে সাভার উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক দিনে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা শাহদাৎ হোসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি উপস্থিত ছিলেন।