মাদারীপরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর ট্রলার চালক সুমন সিপাহীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮) সকালে সদর উপজেলার পখিরা এলাকায় নদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে শনিবার দিনব্যাপী আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্ট তল্লাশি চালিয়েও নিখোঁজ ট্রলার চালককে খুঁজে পাওয়া যায়নি।

নিহত সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকার কালু সিপাহীর ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে সদরের ‘বাহেরচর কাতলা’ এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে যুবকরা আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকেন ট্রলার চালক সুমন সিপাহী।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফা তল্লাশি চালিয়েও খুঁজে পায়নি সুমনকে। ঘটনার দুইদিন পর রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা আড়িয়াল খাঁ নদে ভাসমান অবস্থায় সুমনের লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো: শেখ আহাদুজ্জামান বলেন, ‘ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালিয়েও তাকে পাওয়া যায়নি। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে তল্লাশি করেও শনাক্ত করা সম্ভব হয়নি ট্রলারটি। ঘটনার দুইদিন পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ট্রলার চালক সুমনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।‘