চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই থানা এলাকা থেকে কনস্টেবল পদে একজন নারীসহ মোট ১২ জন চূড়ান্ত হয়েছেন। প্রত্যেকের মাত্র ১২০ টাকা খরচে আবেদনের মাধ্যমে চাকরি হলো তাদের।
শুক্রবার (৪ জুলাই) মিরসরাই থানা পুলিশ নিয়োগপ্রাপ্ত এই ১২ জনের নাম প্রকাশ করেছে। নিয়োগ পাওয়া ১২ জন তরুণ-তরুণীকে বিকেলে মিরসরাই থানা প্রাঙ্গণে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। নবাগতদের মিরসরাই থানার ওসির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করে স্বাগত জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত ১২ জন হলেন- সাদিয়া আফরিন, মেহেদি জিসান, তানজিমুল, মো: নিলয়, মো: নোমান, রাজু, মো: জাহেদুল, মো: সিফাত, তৃপ্ত বড়ুয়া, প্রতীক ও ইফরাহাত। তাদের সকলের বাড়িই মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে। মাত্র ১২০ টাকার বিনিময়ে অনলাইনে আবেদন করে যাছাই বাছাই শেষে নিয়োগপ্রাপ্ত হন উপজেলার ভাগ্যবান এই ১২ জন তরুণ-তরুণী।
চাকরিতে সুযোগ পাওয়া সাদিয়া আফরিন, মেহেদী জিসান ও মো: জাহেদুল বলেন, পুলিশে কনস্টেবল নিয়োগের পত্রিকায় বিজ্ঞাপ্তি দেখে একটি কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করি। মাত্র ১২০ টাকা ফি’তে অনলাইনে আবেদন করে কনস্টেবলে সুযোগ পেয়ে যাবো এটা স্বপ্নেও ভাবতে পারিনি। তবে গত বছরও আমাদের মিরসরাই থেকে অনেকে কনস্টেবলে নিয়োগ পেয়েছেন। সে হিসেবে আমরাও আবেদন করি। যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়া সুযোগ পেয়েছি। আমাদের এই আনন্দ বলে বোঝানোর মতো না। এ যাত্রায় যারা আমাদের সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
সদ্য নিয়োগপ্রাপ্ত মো: সিফাত বলেন, আমাদের দেশে গুটিকয়েক পুলিশের জন্য একটি বদনাম আছে। আমার স্বপ্ন ছিলো পুলিশে চাকরির সুযোগ পাওয়া। পড়াশোনার পাশাপাশি আমি আমার চেষ্টা চালিয়ে যাই। বদলে দিতে চাই মানুষের মাঝে ছড়িয়ে পড়া এই ভ্রান্ত ধারণা। নিজেরাই উদ্যোগী হয়ে বন্ধ করতে চাই এসব বদনাম। তাই আমার চেষ্টা থাকবে সবসময় নিজেকে এবং আমার সহকর্মীদের এসব থেকে দূরে থাকার। আমারা আমাদের প্রিয় মাতৃভূমি ও এদেশের মানুষের জন্য কাজ করতে চাই।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ১২ জন কনস্টেবল পুলিশে চাকরি পেয়েছেন। এটি সত্যি এই মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। এর আগে গত বছর এই উপজেলা থেকে ১১ জন পুলিশের কনস্টেবল পদে একই নিয়মে নিয়োগ পেয়েছে। তাদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সাথে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।









