দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা কাস্টমস হাউজের সাবেক অ্যাপ্রেইজার মো: জিল্লুর রহিম খানের স্ত্রী মমতাজ খানকে আদালত চার বছরের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (২৯ মে) খুলনার বিভাগীয় স্পেশাল জজ মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মমতাজ খান আদালতে উপস্থিত ছিলেন।

মামলা অনুযায়ী, আসামি মমতাজ খান খুলনা মহানগরীর টুটপাড়া দিলখোলা রোডের বাসিন্দা। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১৩ লাখ ৭৩ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার সম্পদের পরিমাণ ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকা ছিল। তিনি ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য ঐ বিবরণীতে উল্লেখ না করে অসৎ উদ্দেশ্যে গোপন করেছিলেন।

মমতাজ খান একজন গৃহিনী। তার নিজের কোনো বৈধ আয়ের উৎস নেই। তিনি নিজ নামে অর্জিত আয়ের ১ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার সম্পদের তথ্য গোপন করে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন। মো: জিল্লুর রহিম তার স্ত্রী মমতাজ খানকে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনে সহায়তা করে।

এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল নগরীর সোনাডাঙ্গা থানায় মো: জিল্লুর রহিম খান এবং তার স্ত্রী মমতাজ খানকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন।

২০১৯ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো: ফয়সাল কাদের তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।