নোয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) হোয়াইট হল গেস্ট হাউজে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।

শহর সভাপতি হাবিবুর রহমান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর অফিস সম্পাদক তানবীর সিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মু. মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, ‘দেশের মেধাবীদের প্রতি ছাত্রশিবিরের যে আবেগ ও ভালোবাসা সেটা তুলে ধরতে এ আয়োজন। এছাড়া দেশ নিয়ে ছাত্রশিবির যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন মেধাবীদের জানান দেয়াই ছাত্রশিবিরের উদ্দেশ্য। এ দেশের সকল মেধাবী শিক্ষার্থীকে ছাত্রশিবিরে ওয়েলকাম, তবে সবাই ছাত্রশিবির করবে এটা আমরা মনে করি না।’

বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতে আমির ইসহাক খন্দকার বলেন, ‘এ দেশে লোকের অভাব নেই ও মেধাবীর অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব। ছাত্রশিবির মেধাবীকে কিভাবে মানুষ করানো যায় সেই কাজটাই করে যাচ্ছে। মেধাবীদের কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে তাদের বড় বড় চেয়ারে বসানো যায় এবং মেধাবীদের কিভাবে উৎসাহিত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যার কারণে বলা হয়, বাংলাদেশে ছাত্রশিবির মেধাবীদের ঠিকানা।’