কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর কৃষক দলের উদ্যোগে ফরিদপুর প্রেস ক্লাব থেকে এ মিছিল বের করা হয়।
পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বুলেট, যুগ্ম আহ্বায়ক মো: সোহেব শেখ, মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে বিরোধী মত দমনের হাতিয়ার ছিল রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা। এছাড়া অন্যায়ভাবে সাজা দিয়ে তাদের কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হতো। ৫ আগস্ট সেই ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিস্ট আমলের দায়ের করা মিথ্যা মামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে যেতে হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শহিদুল ইসলাম বাবুল আদালতে আত্মসমর্পণ করেছেন। অবিলম্বে তার সাজা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে।






