ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) খুলনা মহানগরীতে জামায়াতে ইসলামী, ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাদ আছর নগরীর ডাকবাংলো মোড়ে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান। পরে একটি বিশাল মিছিল সেখান থেকে শুরু হয়ে ফেরিঘাট ঘুরে তারেরপুকুরে গিয়ে শেষ হয়। এতে দলের নায়েবে আমির অধ্যাপক নজিবর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের কয়রা উপজেলা শাখা কয়রা সদরে সোমবার মিছিল ও সমাবেশ করে বলে আমাদের কয়রা সংবাদদাতা জানান।
সকাল সাড়ে ১০টায় প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ‘মার্চ ফর প্যালেস্টাইন’ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: রেজাউল করিম, প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রফেসর শরিফ মোহাম্মদ খান, প্রফেসর ড. মো: নাজমুস সাদাত হাসান মাহমুদ।
শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তৃতা করেন শানিল সরদার ও তামিম। পরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ হাদী চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংহতি প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের যে সকল ডিসিপ্লিনে আজ স্পেশাল টার্মের পরীক্ষা ছিল, তা স্থগিত করা হয়।
বেলা সাড়ে ৩টায় নগরীর শিববাড়ি মোড়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে। তারা সমাবেশ এবং পরে মিছিল করে।









