মাদারীপুরে মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন আওয়ামী লীগের এক নেতা।
শনিবার (১৭ মে) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগ ত্যাগ করেন।
দলবলসহ এনসিপিতে যোগ দেয়া আওয়ামী লীগের ওই নেতার নাম আমিনুল হাওলাদার। তিনি খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এনসিপিতে যোগদানের সময় দলটির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে তিনি। একই অনুষ্ঠানে ফুলের তোড়া নিয়ে রাজৈর পৌরসভা ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারও এনসিপিতে যোগদান করেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা এনসিপির নেতা মহসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় রাজিব মাঘা, মনির ফকিরসহ দলটির উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মী।
দল পরিবর্তন নিয়ে খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার বলেন, আমি ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে। আমি তাতে সমর্থন করেছি। এনসিপি দল গঠনের পর থেকে দেখে আসছি সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করছে। দেশকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে যোগদান করলাম। আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছে সবাইকে নিয়ে এনসিপির একটা দুর্গ গড়ে তুলবো এবং তাদের আমি সবদিক থেকে সহযোগিতা করবো।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলা নেতা জাবের হাওলাদার বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামি করার জন্য না। এ দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, আর কেউ যেন এক নায়কতন্ত্র কায়েম করতে না পারে, জুলুম-নির্যাতন, সন্ত্রাসী-চাঁদাবাজি করতে না পারে, সেজন্য আমরা সকল ছাত্র-জনতা, আলেম-ওলামা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবো। আজকে মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে ২০০ মাছ ব্যবসায়ী এনসিপি দলে যোগদান করেছেন।
এ সময় বিএনপির বিরুদ্ধে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ তুলে ধরে এনসিপি নেতা জাবের হাওলাদার আরো বলেন, টেকেরহাটে মাছ ব্যবসায়ী ও কাচামাল ব্যবসায়ীদের থেকে জনপ্রতি ২০০-২৫০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে। আমরা এটার অবসান চাই।
দল পরিবর্তন ও বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য প্রদানের বিষয়ে মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার বলেন, সদ্য আগত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি সরকার নিবন্ধিত দল। নিষিদ্ধ আওয়ামী লীগ ছেড়ে কেউ যদি নিবন্ধিত কোনো দলে যোগদান করেন, তবে এটা তার সুবুদ্ধির পরিচয়।
তিনি আরো বলেন, বিএনপি কর্মীদের কেউ চাঁদাবাজি করলে এ বিষয়ে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।









