বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা

জনগণের আস্থা অর্জনে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘এই দুঃসময়ে আদর্শিক অবস্থানে থেকে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে রুকনদের সাহসী ভূমিকা পালন করতে হবে। জামায়াত হলো একটি আদর্শিক কাফেলা, যার মূল শক্তি সত্য, ন্যায় ও আল্লাহর ওপর তাওয়াক্কুল। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনে সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে। শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।’

শনিবার (২১ জুন) সকাল ৯টায় ফকির আব্দুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শ’ রুকন অংশগ্রহণ করেন।

উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার, বায়তুলমাল সেক্রেটারি আব্দুল্লাহীল বাকী।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।