চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লক্ষীপুর যাওয়া পথে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র শীল (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত চন্দ্র শীল লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি লরি একই মুখী একটি পিকআপকে পিছন থেকে ধাক্কা দিলে ওই পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে গেলে তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক স্বামী শান্তকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করেন।









