বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের খবর প্রকাশিত হওয়ায় একনেক সভায় ‘৩৬ জুলাই আবাসন প্রকল্প’ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (২৭ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহতদের সকলের কবর সংরক্ষণ ও বাঁধাই করে দেয়ার কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন ও সাড়ে ১৫ বছরের ঘটনাগুলোকে সামনে রেখে কাজ অব্যাহত রয়েছে। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই যোদ্ধারা সংগ্রাম করেছিল, তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ চলছে।’
এদিকে ‘শহীদদের জন্য আবাসন প্রকল্প নির্মাণের প্রস্তাবনায় ব্যয় কয়েক গুণ বেশি দেখানো হয়েছে’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সেখানে আমরা কিছু অসঙ্গতি পেয়েছি। এ কারণে প্রস্তাবনা পাস না করে ফেরত দেয়া হয়েছে। পরবর্তী সময়ে রিভিও ও তদন্ত করে সিদ্ধান্ত নেয়া হবে।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় করা মামলায় অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে। যেখানে একটি ঘটনায় ২০ জন আসামি হওয়ার কথা সেখানে আসামি করা হয়েছে ২০০ জনকে। এ কারণে তদন্ত কাজে দেরি হচ্ছে। তবে কিছু কিছু মামলায় ইতোমধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে। খুব দ্রুত যাতে সব মামলার তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।’
সম্প্রতি এক চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য গ্রেফতার হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি নেই।’
মুন্সীগঞ্জের জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টারা। পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।









