রংপুরে একটি সারের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের সময় বিদ্যুতায়িত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।

রোববার (৩ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগাছা উপজেলার জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

সূত্রে জানা যায়, সাহাবাজ বাজারে নজর আলী নামে এক ব্যক্তি নতুন একটি সারের দোকান চালু করেন। এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যে প্যান্ডেল সাজানো হয়, সেখানে একটি বিদ্যুতায়িত বাঁশের সংস্পর্শে এসে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন এমন ঘটনা ঘটলো, সে ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।’ সূত্র : ইউএনবি