খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী অভিমুখী একটি সিএনজি ও জয়পুরহাট অভিমুখী তুষ বোঝাই একটি ভুটভুটি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের মধ্য একজন বদলগাছী উপজেলার সদর ইউপির হাপুনিয়া দীঘির পাড় এলাকার শ্রী ছুঞ্চা পাহানের ছেলে কার্তিক পাহান (৪৫)। তবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- সিএনজিচালক উপজেলার গোড়শাহী গ্রামের বিপ্লব হোসেন রঞ্জু, সিএনজির যাত্রী মথুরাপুর ইউপির নহেলা জাবারিপুর এলাকার আনিসুর রহমান, ভুটভুটিচালক আক্কেলপুর এলকার এমরান আলী রানা।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুপুর ২টার দিকে সিএনজি ও ভুটভুটির সংঘর্ষে দু’জন নিহতের খবর পেয়েছি।