চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়কে ৬ লেনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখা।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে এক দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক।
উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল বশর।
মানববন্ধনে আরো বক্তব্য দেন হারবাং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শেখ আহমদ, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ আহমদ ও বরই তলি ইউনিয়ন সভাপতি জায়েদুল ইসলাম, হারবাং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির জুনাইদ সিকদার, বরইতলি ইউনিয়নের সহ-সভাপতি গোলাম হাসিব মোস্তফা সাকি, সাবেক এম ইউ পি বাবুল আহমদ।
এ সময় হারবাং-বরইতলীসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে। কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মরণফাঁদ মানুষের আনন্দকে বিষাদে পরিণত করেছে। ঈদ পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ২৫ জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আজ তাদের পরিবারে ঈদের আনন্দ নেই, আছে কন্নার সুর। আর কোনো মায়ের বুক খালি হোক, তা আমরা চাই না। অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নিত করার দাবি জানানো হয়েছে।‘





