নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুন হোসেন হত্যা মামলার তদন্তকাজকে প্রভাবিত করতে আসামিদের অপতৎপরতা রোধসহ বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল এবং ফতুল্লার সাধারণ জনগণ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেয়া হয়।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকের নেতারা ছাড়াও বিএনপির অন্য অংগসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী এবং নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা জানান, আমরা আতংক ও হুমকীর মধ্যে আছি, বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। তারপরও আমরা মামুন হত্যার সুষ্ঠু বিচার চাই।
অন্যদিকে তদন্ত কাজকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এ হত্যার আসামি ও হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের নানা অপতৎপরতা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল আরমান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল হাসান লিটন, এস কে শাহীন, ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাদল প্রধান। এসময় বক্তারা বিচার সুনিশ্চিতের দাবি জানান।









