বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সাথে চট্টগ্রাম বন্দর ও বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর নেতারা।

বুধবার (১৪ মে) বিকেল ৫টায় চিটাগং পোর্ট অথরিটি গেস্ট হাউজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম, বন্দর ইসলামী শ্রমিক সঙ্ঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন প্রমুখ।

এস লুৎফর রহমান নয়া দিগন্তকে জানান, বুধবার বিকেল ৫টায় বেজা ও বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে আমাদের পূর্বনির্ধারিত মতবিনিময় সভা ছিল। এতে বন্দর, দেশী-বিদেশী বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে খোলামেলা ও অর্থবহ আলোচনা হয়েছে। আশা করি, চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ও উন্নতিতে আজকের প্রোগ্রাম একটি টার্নিং পয়েন্ট হবে।