আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ করেছে ফেনী শহর জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালিটি বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

জেলা যুব বিভাগের পরিচালক অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও শহর যুব বিভাগের সভাপতি সালাহউদ্দিন ভূঞা কিরণের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ওমর ফারুক।

লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘মাদক তরুণ সমাজকে তথা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। আমাদের সন্তানদের হাতে সিগারেটসহ মাদক দ্রব্য তুলে দিয়ে বিপথগামী করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

মুফতি আবদুল হান্নান বলেন, ‘আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলে দেশ থেকে মাদক চিরতরে দূরিভূত হবে। যুবসমাজকে মদের নেশায় বুঁদ রেখে বিগত স্বৈরাচারী সরকার অপকর্ম চালিয়ে গেছে। মাদক নিয়ন্ত্রণ নয় বরং মাদকের মূলোৎপাটন করতে হবে।’

এছাড়া আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান তিনি।