বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তার নিজ জেলা বগুড়ায় দলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শহরের সূত্রাপুরে তারেক রহমানের জন্য বাড়ি প্রস্তুতের পাশাপাশি ঢাকার সংবর্ধনায় বগুড়া থেকে প্রায় এক লাখ লোক উপস্থিতির আয়োজন চলছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া থেকে পাঁচ শতাধিক বাস রিজার্ভ করা হয়েছে।
এছাড়া ট্রেন, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের পরিবহনযোগে দলের নেতাকর্মীরা ঢাকার পথে রয়েছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা যায়, তারেক রহমান বগুড়ায় এলে শহরের সূত্রাপুরের যে চারতলা বাসায় অবস্থান করতেন সেই বাড়িটি ইতোমধ্যে বসবাসের উপযোগী করা হয়েছে। তারেক রহমান বগুড়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছে তিনি এ বাড়িতে কিছু সময়ের জন্য হলেও অবস্থান করবেন, এমনকি রাত যাপনও করতে পারেন।
জানা যায়, এ বাড়িটির জমির মালিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। প্রায় ২০ বছর আগে তিনি তারেক রহমানকে বাড়ির জায়গাটি রেজিস্ট্রি করে দেন। এরপর সেখানে চারতলা বাড়ি নির্মাণ করা হয়। চার দলীয় জোট সরকারের সময় ২০০১-২০০৬ সাল পর্যন্ত তারেক রহমান এ বাড়িতে অবস্থান করে বগুড়াসহ উত্তরাঞ্চলের রাজনীতি দেখভাল করতেন। সেই সময় বাড়িটি বগুড়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।









